ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের অদূরে গভীর রাতে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে ট্রেনটির শান্টিং চলাকালে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রেনের ভেতরে আগুন দেখতে পেয়ে দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ দ্রুত রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রেনটি বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেন।
তবে ট্রেনে আগুন লাগার প্রকৃত কারণ, এ ঘটনায় আটক দুজনের সংশ্লিষ্টতা এবং এর পেছনে কোনো পরিকল্পনা ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









