ঢাকার দোহার উপজেলার আলোচিত ‘হজবাবা’ হিসেবে পরিচিত মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রায় এক দশক আগে তাঁর কর্মকাণ্ড নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় দোহারের জয়পাড়া ও লটাখোলা এলাকায় ‘হজবাবা’ নামে পরিচিত ছিলেন মতিউর রহমান। ২০১৬ সালে তাঁর কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।
অভিযোগ রয়েছে, দোহারের লটাখোলা এলাকায় ‘নটাখোলা কাদরিয়া পাক দরবার শরিফ, ধ্যান মঞ্জিল’ নামে একটি আস্তানা গড়ে তুলেছিলেন মতিউর রহমান। সেখানে পবিত্র কাবাঘরের আদলে একটি স্থাপনা নির্মাণ করে হজের অনুকরণে বিভিন্ন আনুষ্ঠানিকতা আয়োজন করা হতো বলে অভিযোগ ওঠে। এসব কর্মকাণ্ডের পর থেকেই তিনি ‘হজবাবা’ নামে পরিচিতি পান।
২০১৬ সালের ৯ অক্টোবর তাঁর কর্মকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে দোহার উপজেলা প্রশাসন ও পুলিশ ওই আস্তানায় অভিযান চালায়। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আল-আমীন ও দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মতিউর রহমানকে সেখানে পাওয়া যায়নি। পরে প্রশাসন আস্তানাটি সিলগালা করে দেয়। এ সময় উত্তেজিত জনতার ভাঙচুরের ঘটনাও ঘটে বলে তৎকালীন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ২০১৬ সালের ৯ অক্টোবর ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতারণার অভিযোগে মতিউর রহমানসহ নয়জনের বিরুদ্ধে দোহার থানায় মামলা করা হয়। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
পরবর্তী সময়ে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকার একটি আদালত মামলার রায়ে মতিউর রহমানকে পৃথক দুটি ধারায় মোট তিন বছরের কারাদণ্ড দেন। একই মামলায় তাঁর আট সহযোগীকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
দীর্ঘদিন পর মতিউর রহমানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে দোহার এলাকায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে তাঁকে কোন মামলায় এবং আদালতের কোন পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









