১৯৭০ সালের ১২ নভেম্বর। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মুহূর্তেই বদলে গিয়েছিল দেশের দক্ষিণ উপকূলের চিত্র। রাত যত গভীর হচ্ছিল, ততই বাড়ছিল ঝড়ের তীব্রতা। প্রবল বাতাস, মুষলধারে বৃষ্টি আর কয়েক ফুট উঁচু জলোচ্ছ্বাসে তলিয়ে যাচ্ছিল একের পর এক জনপদ। প্রাণ বাঁচাতে মানুষ ছুটছিল নিরাপদ আশ্রয়ের সন্ধানে। কিন্তু অধিকাংশের ভাগ্যে জোটেনি সেই আশ্রয়। চোখের পলকে নিভে যায় লাখো মানুষের জীবনপ্রদীপ। নদী, খাল, বিল ও সাগরে ভেসে বেড়ায় অসংখ্য মানুষের মরদেহ। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে ওঠে উপকূলের আকাশ-বাতাস।
১২ নভেম্বর। সেই ভয়াল ঘূর্ণিঝড়ের ৫৬ বছর পূর্ণ হলো। সময়ের ব্যবধানে অনেক কিছু বদলেছে, কিন্তু উপকূলবাসীর স্মৃতিতে সেই কালরাতের ক্ষত আজও অমলিন। বেঁচে থাকা প্রত্যক্ষদর্শী ও স্বজনহারা পরিবারগুলোর কাছে দিনটি এখনো গভীর শোক ও বেদনার।
১৯৭০ সালের ৮ নভেম্বর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি ক্রমেই শক্তিশালী হয়ে ১২ নভেম্বর উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার বেগের বাতাস এবং ১৫ থেকে ২৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে ভোলা, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা ও চট্টগ্রামসহ বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড হয়ে যায়। সরকারি ও আন্তর্জাতিক বিভিন্ন হিসাবে প্রাণহানির সংখ্যা প্রায় পাঁচ লাখ বলে উল্লেখ করা হয়েছে। তবে বেসরকারি কিছু হিসাবে এ সংখ্যা আরও বেশি বলে দাবি করা হয়।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দ্বীপজেলা ভোলা। বিশেষ করে তৎকালীন তজুমদ্দিন এলাকায় প্রাণহানির ভয়াবহতা ছিল নজিরবিহীন। ধ্বংসস্তূপে পরিণত হয় নোয়াখালীর রামগতি, হাতিয়া, সন্দ্বীপসহ বিভিন্ন উপকূলীয় জনপদ এবং পটুয়াখালীর বিস্তীর্ণ এলাকা। নিশ্চিহ্ন হয়ে যায় অসংখ্য ঘরবাড়ি ও গ্রাম। ভেসে যায় গবাদিপশু, নষ্ট হয় ফসলি জমি। মেঘনা, তেঁতুলিয়া, কালাবাদরসহ উপকূলের বিভিন্ন জলপথে ছড়িয়ে পড়ে লাশ। স্বজন হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন হাজারো পরিবার।
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) স্বীকৃতি অনুযায়ী, ১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড় বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় হিসেবে পরিচিত। ঘূর্ণিঝড়টির ভয়াবহতা নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা ২৮ ফুট দীর্ঘ ‘মনপুরা ৭০’ চিত্রকর্ম আজও সেই ধ্বংসযজ্ঞের এক ঐতিহাসিক দলিল।
সেদিনের ভয়াবহতার কথা মনে হলে আজও শিউরে ওঠেন বেঁচে থাকা মানুষ। অনেকের কাছে সেই রাতের স্মৃতি মানেই স্বজনের মরদেহ খুঁজে বেড়ানো, ভিটেমাটি হারানো আর অনিশ্চিত জীবনের সঙ্গে নতুন করে লড়াই শুরু করা। কারও বাবা-মা, কারও সন্তান, কারও ভাইবোন আর কখনো ফিরে আসেননি। সময়ের সঙ্গে প্রজন্ম বদলেছে, কিন্তু সেই শোকের ইতিহাস মুছে যায়নি।
১৯৭০ সালের ঘূর্ণিঝড় শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল না; তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসেও এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। দুর্যোগের পর তৎকালীন পাকিস্তান সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। কেন্দ্রীয় সরকারের অবহেলা ও ব্যর্থতার অভিযোগ পূর্ব বাংলার মানুষের ক্ষোভকে আরও বাড়িয়ে দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ক্ষোভ পরবর্তী সময়ে স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করার অন্যতম প্রেক্ষাপট তৈরি করেছিল।
ভয়াবহ ওই ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের স্মরণ, উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং উপকূলীয় অঞ্চলের সমস্যা ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে ২০১৫ সাল থেকে বেসরকারিভাবে ১২ নভেম্বর ‘উপকূল দিবস’ পালন করা হচ্ছে। সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর উদ্যোগে উপকূল ফাউন্ডেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ দিবস পালনের দাবি ও কার্যক্রম সামনে আসে।
উপকূল বাংলাদেশ, কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ, আলোকযাত্রা দলসহ বিভিন্ন সংগঠন দিবসটি পালনে যুক্ত রয়েছে। উপকূলীয় বিভিন্ন জেলার পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের সংগঠনগুলো নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে আসছে।

তবে দীর্ঘ ১১ বছর ধরে বেসরকারিভাবে দিবসটি পালিত হলেও এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। ২০২০ সালে তৎকালীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই উদ্যোগের দৃশ্যমান অগ্রগতি এখনো হয়নি।
উপকূল দিবস কেবল ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহত মানুষের স্মরণে একটি শোকের দিন নয়; এটি উপকূলের মানুষের অধিকার, নিরাপত্তা, জীবন-জীবিকা ও ন্যায্য উন্নয়নের দাবি তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত হলে উপকূলীয় অঞ্চলের সংকট ও সম্ভাবনা জাতীয় নীতিনির্ধারণী পর্যায়ে আরও গুরুত্ব পাবে। একই সঙ্গে নতুন প্রজন্ম জানতে পারবে ১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ ইতিহাস।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। তেমনি ১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহতা স্মরণ এবং উপকূলের মানুষের সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি দীর্ঘদিনের।
উপকূল শুধু দেশের একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ও অস্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ। তাই উপকূলের নিরাপত্তা, উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করা কোনো বিশেষ অঞ্চলের দাবি নয়, এটি জাতীয় দায়িত্ব।
সেই ভয়াল ১২ নভেম্বরের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপকূলবাসীর প্রত্যাশা—১২ নভেম্বর হোক রাষ্ট্রীয় উপকূল দিবস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









