তৈরি পোশাকশিল্পের মজুরি বোর্ডের পূর্বনির্ধারিত তৃতীয় বৈঠক হঠাৎ স্থগিত হওয়ায় ফুঁসে উঠেছেন পোশাকশ্রমিকরা। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ফের আন্দোলন-বিক্ষোভে উত্তাল বিভিন্ন শিল্পাঞ্চলসহ রাজধানীর বিজয়নগর ও শ্রম ভবন এলাকা। বৈঠক স্থগিতের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই গাজীপুরের বিভিন্ন স্থানে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা।
টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদেরকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেলেও এর জেরে শিল্পাঞ্চলের ২৬টি কারখানা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ এবং কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় কর্মবিরতি পালন করছেন তৈরি পোশাক শ্রমিকরা। অন্যদিকে ঢাকার বিজয়নগরে তাৎক্ষণিক বিশাল বিক্ষোভ মিছিল শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের দপ্তরে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।
মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে কয়েক সপ্তাহ ধরে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ চলছিল। এর সঙ্গে আগের কয়েকদিনের আন্দোলনের প্রেক্ষাপটে অযৌক্তিক ‘ব্ল্যাকলিস্টিং’ বন্ধ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বাসন এবং গ্রেফতার হওয়া শ্রমিকদের মুক্তির আরো তিনটি দাবি যুক্ত হয়েছে। আন্দোলনের মুখে ১ নভেম্বর তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের দ্বিতীয় বৈঠকে গত ৯ নভেম্বর ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ। অন্যদিকে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। তারা সময় চেয়েছিল এক সপ্তাহ। সে সময় নিম্নতম মজুরি মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছিলেন, ‘মালিকপক্ষকে চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে মজুরি বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’ এ লক্ষ্যে গতকাল সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বৈঠক শুরুর মাত্র দেড় ঘণ্টা আগে হঠাৎ স্থগিত হয়ে যাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর বিজয়নগর ও শ্রম ভবন এলাকা।
বিক্ষোভ মিছিল স্মারকলিপি পেশ
পোশাক শ্রমিকরা বলছেন, গতকাল বেলা ১১টায় বৈঠক বসার কথা থাকলেও সকাল ৯টা ৩৬ মিনিটে অনিবার্য কারণ দেখিয়ে সভা স্থগিতের নোটিশ দেয় বোর্ড। এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই তাৎক্ষণিক বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আন্দোলন চলবে বলেও জানিয়েছেন শ্রমিকনেতারা।
সকালে বিজয়নগর পানির ট্যাংক এলাকা থেকে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শ্রম ভবন ও নিম্নতম মজুরি বোর্ড কার্যালয়ের সামনে জড়ো হন ‘গার্মেন্টস শিল্প মজুরি বৃদ্ধি অ্যালায়েন্স বাংলাদেশ’-এর ব্যানারে আন্দোলনরত শ্রমিক ও নেতারা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ন্যায্য মজুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না এবং কঠোর অবস্থানে থাকবেন। তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার জোরালো দাবি জানান তাঁরা।
সমাবেশ শেষে শ্রমিকনেতাদের প্রতিনিধিরা ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাবনা ও স্মারকলিপি নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের দপ্তরে যান। তবে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী দপ্তরে অনুপস্থিত থাকায় বোর্ডের সদস্য ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার স্মারকলিপিটি গ্রহণ করেন। এ সময় তিনি শ্রমিকদের দাবির প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেন।
স্মারকলিপি গ্রহণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাবুল আখতার বৈঠক স্থগিতের প্রেক্ষাপট ও শ্রমিকদের বিক্ষোভের বিষয়টি ব্যাখ্যা করেন। চলমান শ্রমিক অসন্তোষ ও পোশাক খাতের অস্থিরতার জন্য সরাসরি সরকার ও মালিকপক্ষকে দায়ী করে তিনি স্পষ্ট ভাষায় বলেন, সময়মতো সঠিক সিদ্ধান্ত না নেওয়া এবং প্রক্রিয়া দীর্ঘায়িত করায়ই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে না নিলে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
গাজীপুরে পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুর নগরীর কোনাবাড়ী, নাওজোর, ভোগড়া বাইপাস, জয়দেবপুর ও সালনা এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে নামলে পুলিশ ও বিজিবি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এর জেরে জেলার ২৬টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং বেশ কয়েকটি কারখানা গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল আটটার দিকে কোনাবাড়ী এলাকার ‘এবিএম ফ্যাশন’ ও ‘যমুনা কারখানার’ শ্রমিকরা যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। পরে জড়ো হয়ে বিক্ষোভের এক পর্যায়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন তাঁরা। এতে বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। এরপর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
এদিকে নাওজোর ও ভোগড়া বাইপাস এলাকায়ও শ্রমিকরা বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় প্রায় আধা ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।
অন্যদিকে জয়দেবপুর ও সালনা এলাকায় একই দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। তবে এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন। এ ছাড়া বিকেলে কোনাবাড়ী এলাকায় কয়েকজন যুবক হঠাৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলাচলকারী একটি বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত পালিয়ে যান।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কারখানার সামনে দুটি প্রতিষ্ঠানের পোশাক শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের বিক্ষোভও ছত্রভঙ্গ করে সরিয়ে দেওয়া হয়। তিনি জানান, দিনভর আরো কয়েকটি এলাকায়ও শ্রমিকরা অল্প সময়ের জন্য বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদেরকেও ছত্রভঙ্গ করে দেন। এই পুলিশ কর্মকর্তা জানান, গতকাল পর্যন্ত গাজীপুরে ২৬টি কারখানা কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেছে। এছাড়া অনেক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সেসব কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, গাজীপুর শিল্পাঞ্চল এলাকায় ছয় প্লাটুন আনসার সদস্য কাজ করছেন। শিল্পাঞ্চলের শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে বলে জানান ৬৩ বিজিবির গাজীপুর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ।
ফতুল্লায় কর্মবিরতি
গতকাল বেলা ১১টা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকেরা কাজ বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকরা জানান, সকাল থেকে অন্য দিনের মতোই কারখানায় কাজ চলছিল। তবে মজুরি বোর্ডের বৈঠক স্থগিত হওয়ার খবর শোনার পর কাজ বন্ধ করে বসে থাকেন তাঁরা। তবে এর জেরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সব পক্ষই।
তবে, ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরসহ বিভিন্ন শিল্পাঞ্চলের পোশাক কারখানায় শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। শ্রমিক আন্দোলন ঘিরে নতুন করে জেলার কোনো পোশাক কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়নি বলে জানিয়েছে শিল্পপুলিশ। তাদের তথ্য অনুসারে, নারায়ণগঞ্জের এক হাজার ৬৮০টি পোশাক কারখানায় সামগ্রিকভাবে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ছয় লাখ শ্রমিক কাজ করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মালিক ও শ্রমিকদের আন্তরিকতা এবং সহযোগিতায় এ পরিস্থিতি বজায় রাখা সম্ভব হচ্ছে। নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। একই বাহিনীর পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক বলেন, ‘শ্রমিক আন্দোলনে জেলার শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছেন। তবে ফতুল্লার কাঠেরপুলের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকরা কর্মবিরতিতে আছেন। তাঁরা গতকাল সারাদির কারখানার ভেতরেই অবস্থান করলেও কোনো কাজ করেননি।’
গত সপ্তাহে শ্রমিক বিক্ষোভের ঘটনার পর নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাত প্লাটুন বিজিবি, আনসার ব্যাটালিয়ন, এসআরবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও পুলিশের টহলও বাড়ানো হয়েছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পোশাকশিল্পে কিছুটা অস্থিরতার কারণে পুরো শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি, পুলিশ, আনসার ও এসআরবির সদস্যরা মাঠে কাজ করছেন। সাইনবোর্ড থেকে বিসিক, সিদ্ধিরগঞ্জ ইপিজেড, সোনারগাঁ, তারাবো হয়ে ভুলতা-গাউছিয়া পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। কোথাও শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটলে তা শনাক্ত করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করার কথা বলেছেন জেলা প্রশাসক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









