ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বর্তমানে ডিবি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, এসআরবি সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি-১-এর একটি দল। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গ্রেপ্তারের পর সকালে সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন। পরবর্তী সময়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








