ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে চান্দনা চৌরাস্তায় শ্রমিকদের আরেকটি দল বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া ছয়দানা কলম্বিয়া এলাকাতেও বিভিন্ন কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ায় ভোগান্তি বাড়ে।
শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবি বাস্তবায়ন না হওয়ায় তাঁরা আবারও আন্দোলনে নেমেছেন।
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার সকালে নতুন করে পাঁচটি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে গাজীপুর মহানগর ও কালিয়াকৈর এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। সোমবারও কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকায় দিনভর বিক্ষোভ করেন তাঁরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে থানা পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা কাজ করছেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন বলেন, সকালে কয়েকটি এলাকায় শ্রমিকরা অবস্থান নিয়েছিলেন। তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। তবে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্য পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মহাসড়ক দুটিতে শ্রমিকদের অবরোধ অব্যাহত ছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








