যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় শারীরিকভাবে অসুস্থ ও চলাফেরায় অক্ষম এক ব্যক্তিকে আসামি করার অভিযোগ উঠেছে। রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও হয়রানির উদ্দেশ্যে তাঁকে মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্ত্রী। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বামী জাহিদুল ইসলাম তানভীরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর স্ত্রী রাণী বেগম।
লিখিত বক্তব্যে রাণী বেগম বলেন, তাঁর স্বামী চাঁচড়া-বাবলাতলা সড়কের পাশে ছোট পরিসরে মাছের ব্যবসা করে সংসার চালান। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই। ২০২৫ সালের ৫ আগস্টের পর একটি ঘটনায় বাড়ির সামনে থেকে বিশেষ বাহিনীর সদস্যরা তাঁকে আটক করে মারধর করেন। পরে তাঁকে ও তাঁর মাকে থানায় নেওয়া হয়। তবে সুনির্দিষ্ট কোনো প্রমাণ না পাওয়ায় পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, গত ১৪ অক্টোবর রাত আনুমানিক দেড়টার দিকে মাছের ব্যবসার কাজে যাওয়ার সময় একটি গর্তে পড়ে যান তানভীর। এতে তাঁর বাঁ পায়ের পেছনের লিগামেন্ট (পিসিএল) ছিঁড়ে যায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারছেন না।
এর মধ্যে গত ১২ নভেম্বর যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় ২১ জনের সঙ্গে তানভীরকেও এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
রাণী বেগমের দাবি, শারীরিকভাবে অসুস্থ অবস্থায় যিনি নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতেই পারেন না, তাঁকে এ ঘটনায় আসামি করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তাঁর স্বামী ঘটনার সঙ্গে জড়িত কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তানভীর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর দুই ছেলে রয়েছে। স্বামীর অসুস্থতা, চিকিৎসার ব্যয় এবং মামলার কারণে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন তানভীরের মা জেসমিন সুলতানা, খালা রেখা বেগম, চাচি ওহেদা বেগম, প্রতিবেশী বোন লামিয়া সুলতানা ও সাত বছর বয়সী ছেলে তাইয়ান রহমান।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে তানভীরের বিরুদ্ধে দায়ের করা মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত, তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়টি বিবেচনায় নেওয়া, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, তানভীরের বিরুদ্ধে ২০২৩ সালে একটি থানায় মাদকসংক্রান্ত মামলা রয়েছে। ওই মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








