রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় গরুবাহী ট্রাকের পথরোধ করে অস্ত্রের মুখে ব্যবসায়ীদের জিম্মি ও মারধর করে ১১টি গরু লুট করেছে ডাকাত দলের সদস্যরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন। লুট হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা।
সোমবার (১৬ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
আহতরা হলেন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর গ্রামের মিনহাজ গাজীর ছেলে গরু ব্যবসায়ী মো. হেলাল গাজী (৪০) এবং মিনহাজ গাজী।
ভুক্তভোগী হেলাল গাজী জানান, তিনি তিন সহযোগীকে নিয়ে গত ১৫ নভেম্বর জয়পুরহাটের ধলুর গরুর হাট থেকে বিভিন্ন দামের ১১টি গরু কেনেন। পরে গরুগুলো একটি ট্রাকে তুলে কুষ্টিয়া, রাজবাড়ী ও ফরিদপুর হয়ে বরগুনার উদ্দেশে রওনা হন।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে তাঁদের গরুবাহী ট্রাকটি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া বাজার এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল খালি ট্রাক দিয়ে তাঁদের ট্রাকের গতিরোধের চেষ্টা করে। পরে শ্রীপুর বাসস্ট্যান্ডের পলাশ ফিলিং স্টেশন ও কাজী ফিলিং স্টেশনের মধ্যবর্তী স্থানে তাঁদের ট্রাকের পথরোধ করে ডাকাতরা।
এ সময় দেশীয় অস্ত্রের মুখে চার গরু ব্যবসায়ীকে জিম্মি করে মারধর করে ডাকাত দলের সদস্যরা। একপর্যায়ে তাঁদের ট্রাকে থাকা ১১টি গরু ডাকাতদের ট্রাকে তুলে নিয়ে যায়। ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে হেলাল গাজী ও মিনহাজ গাজী আহত হন।
ভুক্তভোগীদের দাবি, ডাকাতরা শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে একটি সরু সড়ক দিয়ে পালিয়ে যায়।
পরে ভুক্তভোগীরা রাজবাড়ী সদর থানায় যোগাযোগ করলে পুলিশ তাঁদের এবং গরুবাহী খালি ট্রাকটি থানায় নিয়ে যায়।
এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা থানায় এসেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও লুট হওয়া গরু উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








