টানা দুই দিন পরিস্থিতি শান্ত থাকার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার ও আশুলিয়ার তৈরি পোশাকশিল্পাঞ্চল। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনরত শ্রমিকদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেন।
এরপর সকাল সাড়ে ৯টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডা গ্রুপের শ্রমিকেরা কারখানায় প্রবেশ না করে সড়কে জড়ো হন। একপর্যায়ে তাঁরা সড়কে বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ ও বিজিবির সদস্যরা তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশের দাবি, শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন সড়ক ও গলিতে অবস্থান নেন। সেখানে থেমে থেমে উত্তেজনা চলতে থাকে।
অন্যদিকে, বেলা ১১টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। একেএইচসহ বিভিন্ন কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ জানান, একাধিক পোশাক কারখানার শ্রমিকেরা রাজফুলবাড়িয়া এলাকায় জড়ো হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও বিজিবি কাজ করছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, বেলা ১১টার দিকে ফুলবাড়িয়া এলাকায় শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, আশুলিয়ায় কিছু শ্রমিক সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন। হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করা হলে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়। শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
শিল্প পুলিশের সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় মঙ্গলবার আটটি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং পাঁচটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।
শিল্প পুলিশের একটি সূত্র জানায়, গত দুই দিন পরিস্থিতি শান্ত থাকায় শিল্পাঞ্চলে বন্ধ থাকা কারখানার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছিল। তবে মঙ্গলবার সকালে নতুন করে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকায়


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








