নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে নৈশপ্রহরীর তৎপরতায় আগুন দ্রুত নিভে যাওয়ায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
গ্রামীণ ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. শফিউল হাসান জানান, রাত আড়াইটার দিকে নৈশপ্রহরী নাসীরের চিৎকার শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। এ সময় কার্যালয়ের ভবনের বারান্দার গ্রিলের পাশে আগুন জ্বলতে দেখেন। সেখানে কোকাকোলার বোতলসদৃশ একটি কাচের বোতল পড়ে ছিল। বোতলটির মুখে সলতের মতো কিছু লাগানো ছিল এবং তাতে আগুন জ্বলছিল।
তিনি আরও জানান, আগুন ভবনের ভেতরে ছড়িয়ে পড়েনি। বোতলের ভেতরে থাকা দাহ্য পদার্থ শেষ হওয়া পর্যন্ত আগুন জ্বলেছে। দূর থেকে বোতলগুলো নিক্ষেপ করায় আগুন ভবনের ভেতরে ছড়াতে পারেনি বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, দুর্বৃত্তরা কাচ ও প্লাস্টিকের বোতলে আগুন লাগিয়ে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে দুটি কাচের বোতল উদ্ধার করা হয়েছে।
কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








