বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ব্যক্তিগত গাড়িও যুক্ত হচ্ছে ‘ফুয়েল পাসে’

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৪ এএম

আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৪ এএম

ব্যক্তিগত গাড়িও যুক্ত হচ্ছে ‘ফুয়েল পাসে’

জ্বালানি বিতরণের ডিজিটাল ব্যবস্থা ‘ফুয়েল পাস’ অ্যাপের পরিধি বাড়িয়ে যুক্ত করা হয়েছে ব্যক্তিগত গাড়িও। গতকাল রবিবার থেকে প্রাথমিক পর্যায়ে ‘ক’, ‘খ’ ও ‘গ’ সিরিজের ব্যক্তিগত কার ফুয়েল পাসে নিবন্ধনের সুযোগ পাচ্ছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যায়ক্রমে অন্য সিরিজের ব্যক্তিগত গাড়িও নিবন্ধনের আওতায় আনা হবে। অতিদ্রুত ঢাকার সব ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলের পাশাপাশি ব্যক্তিগত গাড়িতেও ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি দেয়া হবে।
সংশ্লিষ্টদের ‘ফুয়েল পাস’ অ্যাপ ডাউনলোড করে অথবা নির্ধারিত ওয়েবসাইট থেকে সরাসরি নিবন্ধনের অনুরোধ জানিয়েছে জ্বালানি বিভাগ।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল ‘প্লে স্টোর’ থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। আইফোন বা আইওএস ব্যবহারকারীদের ওয়েবসাইট থেকে ফুয়েল পাসের জন্য নিবন্ধন করতে বলা হয়েছে।

জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা আনা, নজরদারি বাড়ানো এবং বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালু করে সরকার। বিপিসির উদ্যোগে তৈরি এ ব্যবস্থায় নিবন্ধিত ব্যবহারকারীর জন্য আলাদা কিউআর কোড তৈরি হয়। ফিলিং স্টেশনে সেই কোড স্ক্যান করে নির্ধারিত বরাদ্দ অনুযায়ী জ্বালানি দেওয়ার কথা বলা হয়েছে।

প্রথম ধাপে রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন ও আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হয়। তখন শুধু ‘হ’ ও ‘ল’ সিরিজের মোটরসাইকেলকে নিবন্ধনের সুযোগ দেয়া হয়েছিল।

এরপর ১৮ এপ্রিল পাইলট কার্যক্রম বাড়িয়ে ঢাকায় আরো ১৮টি পেট্রোল পাম্প যুক্ত করা হয়। একই সঙ্গে ঢাকার বাইরের কয়েকটি জেলা ও মহানগর এলাকায় নিবন্ধিত মোটরসাইকেলকে এই ব্যবস্থার আওতায় আনার কথা জানায় জ্বালানি বিভাগ।

২০ এপ্রিল আরো ১৯ জেলায় ফুয়েল পাস নিবন্ধন চালু করার কথা জানায় মন্ত্রণালয়। ওই তালিকায় ছিল গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম।

জ্বালানি বিভাগ বলেছে, ম্যানুয়াল পদ্ধতিতে জ্বালানি বিক্রির কারণে কোথাও কোথাও দীর্ঘ লাইন, যানজট এবং একই ব্যক্তি বা যানবাহনের একাধিকবার জ্বালানি নেয়ার প্রবণতা দেখা গেছে। ‘ফুয়েল পাস’ চালু হওয়ায় বিতরণ প্রক্রিয়া ডিজিটাল রেকর্ডে আসছে এবং কেন্দ্রীয়ভাবে তাৎক্ষণিক নজরদারির সুযোগ রয়েছে।

ডিজিটাল ‘ফুয়েল পাস’ পেতে ব্যবহারকারীকে অনলাইনে নিবন্ধন করতে হয়। নিবন্ধনের জন্য যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তথ্য যাচাই করতে হয়। এর সঙ্গে চেসিস নম্বর, ইঞ্জিন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং যানবাহনের উৎপাদনের বছর লাগে।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.