ময়মনসিংহে ঘরের মেঝেতে জমে থাকা পানিতে পড়ে ৮ মাস বয়সি আয়াস নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু আয়াস তার মায়ের সাথে খাটে শুয়েছিল। খাট থেকে মেঝেতে জমে থাকা পানিতে পড়ে শিশুটি গুরুতর আহত হয়।
বুধবার (৮ জুলাই) সকালে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরে ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়।
মৃত আট মাস বয়সি শিশু আয়াস নগরীর ব্রাহ্মপল্লী এলাকার আবির মিয়ার ছেলে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
টানা সাড়ে আট ঘণ্টার ভারী বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। ভোর থেকে বৃষ্টির পানি জমে প্রধান সড়ক, হাসপাতাল, অলিগলি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার অনেক অংশ পানির নিচে তলিয়ে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
মৃত শিশুর মামী রুমানা আক্তার বলেন, ‘‘সারারাত বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে আবিরের ঘরের মেঝেতে পানি উঠে। ঘটনার সময় শিশুটি তার মায়ের সাথে ঘুমাচ্ছিল। হঠাৎ শিশু আয়াস গড়িয়ে মেঝেতে জমে থাকা পানিতে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে এনে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’’
এসআই মো. সুজাউদ্দিন বলেন, ‘‘শিশুটিকে সকাল ১০টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটি মারা যাওয়ায় স্বজনরা জোর করে শিশুর মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









