পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে দেশের বাজারে আবারও কমলো সোনার দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এবার কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। এতে করে ভালো মানের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৫ মে ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ২ হাজার ২১৫ টাকা। তারপর ১৬ মে কমানো হয় ৪ হাজার ৩৭৪ টাকা এবং ২০ মে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়। এতে তিন দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমে ৮ হাজার ৭৪৭ টাকা। এরপর ২১ মে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এখন আবার একই পরিমাণ দাম কমানো হলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









