২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আরও সুশৃঙ্খল ও পরীক্ষার্থীবান্ধব করতে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নতুন আরও ১৩টি পরীক্ষা কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধা এবং আসন সংকট নিরসনের বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
রবিবার (৩১ মে) বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জিএম শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়, যা ইতিমধ্যেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত এই ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা পরিচালনার জন্য মূল কেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করবে।
বরিশাল জেলার নতুন অনুমোদিত কেন্দ্রগুলো হলো:- বাবুগঞ্জ উপজেলার চন্দ্রপাশা হাই স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল সদরের তালুকদারহাট স্কুল অ্যান্ড কলেজ এবং মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষাণচর বিদ্যানন্দপুর মহাবিদ্যালয়।
পটুয়াখালী জেলার নতুন কেন্দ্র হিসেবে অনুমোদন পেয়েছে দশমিনা ডা. ডলি আকবর মহিলা কলেজ, রাবালীর হালিমা খাতুন মহিলা কলেজ এবং গলাচিপা উপজেলার চর আগস্তি হাই স্কুল অ্যান্ড কলেজ।
এদিকে বরগুনা জেলার বেতাগীর বিবিচিনি নিয়ামতি স্কুল অ্যান্ড কলেজ, বামনার হলতা-ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজ এবং তালতলী উপজেলার উম্মুল কুরা কলেজ নতুন পরীক্ষা কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।
অন্যদিকে ভোলা জেলার দৌলতখান মহিলা কলেজ, হাটশশীগঞ্জের তজুমদ্দিন মহিলা কলেজ, মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ এবং চরফ্যাশনের দক্ষিণ আইচা কলেজকে নতুন কেন্দ্র হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা যথাযথ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য এই কেন্দ্রগুলো মূল ভেন্যু হিসেবে দায়িত্ব পালন করবে। পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যাবতীয় সরকারি বিধি-নিষেধ ও বোর্ডের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে কেন্দ্র প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধা ও আসন সংকট দূর করতেই ভৌগোলিক অবস্থান বিবেচনা করে এই নতুন কেন্দ্রগুলো অনুমোদন দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









