চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও শিবগঞ্জে পানিতে ডুবে দুই চাচাত ভাইসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো লাভাঙ্গা গ্রামের জামাল হোসেনের ছেলে জুবায়ের এবং একই এলাকার কামাল হোসেনের ছেলে সাফি। তারা দুইজনই অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। এছাড়া নাচোলে মারা যাওয়া ২ বছর বয়সী শিশুটির নাম আসমাউল হোসেন। সে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা (বটপুকুর) গ্রামের মো. মানিকের ছেলে।
স্থানীয়রা জানায়, শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা এলাকায় পাগলা নদীতে গোসল করতে গিয়ে সাফি পানিতে ডুবে যেতে থাকলে জুবায়ের তাকে উদ্ধারে গিয়ে দুই চাচাতো ভাই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাদের উদ্ধার করে। তবে আগেই তাদের মৃত্যু হয়।
অন্যদিকে, নাচোলের টাকাহারায় নিজ বাড়িতে বালতির পানিতে ডুবে ২ বছর বয়সী শিশু আসমাউল হোসেন মারা গেছে।
শিবগঞ্জ থানা ও নাচোল থানা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









