পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের সাত দিন পর হাত-পা বাঁধা অবস্থায় মো. নজির ফরাজি (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩১ মে) বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেতাগী গ্রামের একটি পরিত্যক্ত খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক বেতাগী গ্রামের মৃত আবদুল খালেক ফরাজির ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নজির ফরাজি মাঝে-মধ্যে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যেতেন এবং কয়েকদিন পর আবার ফিরে আসতেন। গত সোমবার (২৫ মে) সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি।
রবিবার বিকেলে স্থানীয় কয়েকজন ব্যক্তিখালে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা দশমিনা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের ভাই মো. রাসেল মরদেহটি নজির ফরাজির বলে শনাক্ত করেন।
নিহতের ভাই মো. রাসেল বলেন, ‘‘আমার ভাই সোমবার সকালে বাড়ি থেকে বের হয়েছিল। মাঝে-মধ্যে সে এভাবে কোথাও চলে যেত, তাই প্রথমদিকে আমরা খুব বেশি উদ্বিগ্ন ছিলাম না। তারপরও আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে খোঁজ করেছি। আজ বিকেলে খবর পাই, বাড়ির কাছের একটি পরিত্যক্ত খালে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ ভাসছে। ঘটনাস্থলে গিয়ে দেখি সেটি আমার ভাইয়ের মরদেহ। কেউ তাকে হত্যা করে খালের পানিতে ফেলে দিয়েছে বলে আমাদের ধারণা। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









