বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানোসহ অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার (২৩ মে) দুপুরে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন গভর্নর মোস্তাকুর রহমান এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘‘এই তহবিলের ২৫ লাখ মানুষের কর্মসংস্থান করা আমাদের লক্ষ্য।’’
মোস্তাকুর রহমান জানান, এই তহবিলের ঋণে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি হিসেবে দেবে। আর গ্রাহকেরা ৭ শতাংশ সুদে ঋণ পাবেন।
তিনি জানান, ৬০ হাজার কোটি টাকার তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা দেবে ব্যাংকগুলো এবং ১৯ হাজার কোটি টাকা পুনঃ অর্থায়ন তহবিল।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, বন্ধ কলকারখানা চালুর পাশাপাশি কৃষি খাত, পোশাক, সিএমএসএমই ও পরিবেশবান্ধব, সৃজনশীল অর্থনীতি খাতে ঋণ ও অর্থায়ন করা হবে। এর মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে কর্মসংস্থান তৈরি হবে।
তিনি বলেন, ‘‘ব্যাংক খাত নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। ব্যাংক খাত থেকে ৫ লাখ কোটি চুরি হয়ে গেছে। ঋণের এক–তৃতীয়াংশ নাই হয়ে গেছে। এসবের বিপরীতে পর্যাপ্ত সম্পদ নেই। ভদ্রভাবে এটাকে খেলাপি বলা হয়। আসলে এটা খেলাপি না। বেশিরভাগ ক্ষেত্রে এই ঋণের বিপরীতে জামানত, প্রোপার ডকুমেন্ট নেই। চুরির এসব টাকা পাচার হয়ে গেছে। এসব অর্থ ফেরত আনা অনেক সময় সাপেক্ষ। যদিও অর্থ ফেরত আনতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।’’
গভর্নর আরও বলেন, ‘‘উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো, জিডিপি প্রবৃদ্ধি বাড়ানো, রপ্তানি বাড়ানো আমাদের লক্ষ্য। ব্যবসা-বাণিজ্যে গতি ফেরানো আমাদের লক্ষ্য।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









