টাঙ্গাইলের সখীপুরে ধানখেতের পাশ থেকে দুলু মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চটানপাড়া মগার মার্কেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি স্থানীয় বড়চওনা রফিক-রাজু স্কুলের দারোয়ান ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে দ্বিতীয় বিয়ে করেন দুলু মিয়া। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রী জরিনা বেগমের সঙ্গে তাঁর তালাক হয়। তবে তালাকের পরও ওই বাড়িতে তাঁর নিয়মিত যাতায়াত ছিল।
দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম অভিযোগ করে বলেন, বারবার নিষেধ করেও স্বামীকে ওই বাড়িতে যাওয়া থেকে বিরত রাখতে পারেননি। তার দাবি, ওই পক্ষের লোকজন তার স্বামীকে হত্যা করেছেন। তবে জরিনা বেগম বলেন, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না এবং এ বিষয়ে তিনি কিছু জানেন না।
দুলু মিয়ার ছেলে আজহার মিয়া বলেন, মঙ্গলবার রাতে তার বাবা দোকানে চা পান করে বাড়ি ফেরেন। কিছুক্ষণ পর আবার বাইরে বের হন। পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে বাবার মরদেহ দেখতে পান।
স্থানীয় লোকজন সকালে ধানখেতের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। তারা এ মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









