জুলাই মাসের জন্য দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর নতুন মূল্য বৃহস্পতিবার (২ জুলাই) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত জুলাই ২০২৬ মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির নতুন দাম নির্ধারণ করা হবে।
রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর শহিদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় বিইআরসির শুনানি কক্ষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করা হবে।
এ ছাড়া, এলপিজির নতুন দর ঘোষণা সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করে। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









