চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
সিইএনসির তথ্য অনুযায়ী, তিব্বতের উত্তরাঞ্চলের নাগকু এলাকার একটি উচ্চভূমির জেলায় ভূমিকম্পটির উৎপত্তি। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্রস্থলের পাঁচ কিলোমিটারের মধ্যে ভূমির গড় উচ্চতা প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার।
সিইএনসি জানিয়েছে, স্থানীয় এলাকায় ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়েছে। ২০২৪ সালের জানুয়ারির পর চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। তিব্বতের রাজধানী লাসা থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থল প্রায় ৪০০ কিলোমিটার দূরে।
এর আগে ২০১০ সালে প্রতিবেশী ছিংহাই প্রদেশের ইউশু এলাকায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ২ হাজার ৬৯৮ জন নিহত হন এবং প্রায় ৩০০ জন নিখোঁজ হন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









