সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরাসরি ক্রয় পদ্ধতিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার।
শুক্রবার (৭ আগস্ট) ছুটির দিনেও অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভা অনুষ্ঠিত হয়। সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভায় জানানো হয়, সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ২০২৬ সালের ১১ ও ১২ আগস্ট ডেলিভারির জন্য এক কার্গো এলএনজি কেনা হবে।
একটি এলএনজি কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ গ্যাস থাকে। সে হিসাবে এ চালানের মোট মূল্য প্রায় ৭ কোটি ২৪ লাখ ৮ হাজার মার্কিন ডলার, যা প্রায় ৭২ দশমিক ৪১ মিলিয়ন ডলারের সমান।
অন্যদিকে, ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে গানভর ইউএসএ এলএলসি থেকে এলএনজি কেনার দরপ্রস্তাব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বৈঠক থেকে প্রত্যাহার করে নেওয়ায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









