আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বাড়ার মধ্যে এবার আরও চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছে সরকার। প্রতি ইউনিট (এমএমবিটিইউ) ২৮ মার্কিন ডলারের বেশি দরে এলএনজি কেনার একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়।
এর আগে গত ২৪ আগস্টের বৈঠকে প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ৬৩ ডলারে এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছিল। তারও এক সপ্তাহ আগে প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৩ ডলার দরে এলএনজি কেনার সিদ্ধান্ত নেয় সরকার।
অন্যদিকে গত বছরের ডিসেম্বরেও সরকার প্রতি এমএমবিটিইউ এলএনজি সাড়ে ১০ ডলারের নিচে কিনতে পেরেছিল। সেই হিসাবে কয়েক মাসের ব্যবধানে এলএনজির ক্রয়মূল্য প্রায় তিন গুণ বেড়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তিন কার্গো এলএনজি কেনার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ২৫ থেকে ২৬ সেপ্টেম্বর ৪৯তম কার্গো, ১ থেকে ২ অক্টোবর ৫০তম এবং ৫ থেকে ৬ অক্টোবর ৫১তম কার্গো কেনার পরিকল্পনা রয়েছে।
তিন কার্গোর জন্য তিনটি প্রতিষ্ঠানের দর সুপারিশ করা হয়েছে। ৪৯তম কার্গোর জন্য আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রতি এমএমবিটিইউ ২৭ দশমিক ৫৪ ডলার দর প্রস্তাব করেছে। ৫০তম কার্গোর জন্য বিপি সিঙ্গাপুরের দর ২৮ দশমিক ০৩ ডলার। আর ৫১তম কার্গোর জন্য ভিটল এশিয়া পিটিই লিমিটেড, সিঙ্গাপুরের প্রস্তাবিত দর ২৬ দশমিক ৬৬৮৮ ডলার।
এ ছাড়া জিটুজি ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর ও পেট্রোবাংলার মধ্যে স্বাক্ষরিত স্বল্পমেয়াদি এলএনজি ক্রয়-বিক্রয় চুক্তির আওতায় অতিরিক্ত আরও এক কার্গো এলএনজি কেনার প্রস্তাবও করা হয়েছে।
চুক্তির আওতায় আগামী ১০ সেপ্টেম্বর ওই কার্গো কেনার প্রস্তাব রয়েছে। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৮ ডলার দরে এলএনজি কেনার কথা বলা হয়েছে।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত এলএনজি কেনার উভয় প্রস্তাবই অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









