চট্টগ্রাম কাস্টমসের অনলাইন ও প্রকাশ্য নিলাম কার্যক্রমের মাধ্যমে দীর্ঘমেয়াদে আটকে থাকা পণ্য বিক্রি করে গত সাড়ে পাঁচ বছরে প্রায় ৬০০ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এই সময়ে মোট ৫৯৯ কোটি ৫৯ লাখ টাকা রাজস্ব আয় করেছে চট্টগ্রাম কাস্টমস, যার মধ্যে কেবল গত দেড় বছরেই আয় হয়েছে ২৮৫ কোটি ১৫ লাখ টাকা। এই উদ্যোগের ফলে একদিকে যেমন চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে দীর্ঘদিন ধরে পড়ে থাকা কনটেইনার ও পণ্য সরে যাচ্ছে, অন্যদিকে সরকারের রাজস্ব ভাণ্ডারও সমৃদ্ধ হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দীর্ঘদিন ধরে বন্দরে পড়ে থাকা কনটেইনার খালি করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এর আওতায় নিলামযোগ্য পণ্যগুলো অনলাইন ও প্রকাশ্য নিলামে বিক্রি করা হচ্ছে এবং যেগুলোর নিলাম উপযোগী নয়, নিয়ম মেনে তা ধ্বংস করা হচ্ছে। কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ২৪টি নিলামে ১ হাজার ৮১৪টি লট বিক্রি করে ১১৫ কোটি ৬৪ লাখ টাকা, ২০২২ সালে ৪২টি নিলামে ১ হাজার ৩৮১টি লট বিক্রি করে ১৩০ কোটি ৩৭ লাখ টাকা এবং ২০২৩ সালে ২৩টি নিলামে ৬৩২টি লট বিক্রি করে ৪১ কোটি ১৩ লাখ টাকা আয় হয়। এছাড়া ২০২৪ সালে ৫৫টি নিলামে ৫১১টি লট বিক্রি করে ২৭ কোটি ২৯ লাখ টাকা, ২০২৫ সালে ৬০টি নিলামে ১ হাজার ৪০টি লট বিক্রি করে ১২৭ কোটি ৬৭ লাখ টাকা এবং চলতি বছরের জুন পর্যন্ত ৪৫টি নিলামে ৩৮৩টি লট বিক্রি করে ১৫৭ কোটি ৪৮ লাখ টাকা আয় হয়েছে।
চট্টগ্রাম কাস্টমসের নিলাম ব্যবস্থাপনা ও শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান কে এম করপোরেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ জানান, কাস্টমস কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ইনভেন্টরি প্রস্তুত ও নিলামকৃত পণ্য বুঝিয়ে দেওয়ার কাজ করে আসছে তাদের প্রতিষ্ঠান। তিনি উল্লেখ করেন, ২০২৫ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত নিলামের মাধ্যমে ২৮৫ কোটি ১৫ লাখ টাকা আয় হয়েছে, যা এত স্বল্প সময়ে নিলাম থেকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটি রেকর্ড।
চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার সহকারী কমিশনার আবু সুফিয়ান বলেন, এনবিআরের নির্দেশনা অনুযায়ী খালাস না হওয়া পণ্য দ্রুত নিলামে তোলা হচ্ছে। গত কয়েক বছরে নিলামের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রির পরিমাণ ও রাজস্ব আয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, নিলামের উপযোগী নয় এমন পণ্য দ্রুত সরিয়ে বন্দরের ইয়ার্ড সম্পূর্ণ খালি করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সূত্র: বাসস


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









