দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হঠাৎ করেই দেখা দিয়েছে অস্বাভাবিক ঘন কুয়াশা। ভাদ্র মাসের শেষভাগে এমন কুয়াশার দেখা মেলায় অবাক হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। এতে গ্রামীণ পথঘাট থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলোও আবছা হয়ে পড়ে। দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়কে চলাচলকারী যানবাহনগুলোর গতিও শ্লথ হয়ে পড়ে এবং চালকদের বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সেপ্টেম্বর মাসে সাধারণত এমন ঘন কুয়াশা সচরাচর দেখা যায় না। ভোরে চারপাশ কুয়াশায় ঢেকে যাওয়ায় অনেকে শীতের আগমনের কথা ভাবলেও, মূলত তখন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। তবে সকাল গড়িয়ে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কুয়াশা কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর ইসলাম বলেন, "সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেছে। কয়েক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এর আগে কখনো এমন কুয়াশা দেখিনি।"
একইভাবে অটোচালক আব্দুর রহিম জানান, কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়েও সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে তাদের বেশ সাবধানে ও ধীরে গাড়ি চালাতে হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে। মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগের দিন সোমবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার পরিবর্তনের কারণেই আবহাওয়ার এমন রূপ দেখা যাচ্ছে। এর পাশাপাশি আকাশে দীর্ঘ সময় মেঘের অবস্থান এবং হঠাৎ করে মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার বিষয়টি এমন কুয়াশা সৃষ্টিতে ভূমিকা রেখেছে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









