সম্প্রতি প্রকাশিত এক গবেষণা ফলাফলে সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দাবি করেছেন, দেশের বাজারে বিক্রি হওয়া সব ফর্টিফাইড সয়াবিন তেল বিশুদ্ধ, কোনো ভারী ধাতু নেই।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর অফিসার্স ক্লাবে বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘‘বিএসটিআই খোলাবাজার থেকে ১৯৩টি ফর্টিফাইড নমুনা সংগ্রহ করে নিজস্ব অ্যাক্রেডিটেড ল্যাবরেটরিতে পরীক্ষা করে কোনো নমুনাতে ভারী ধাতুর অস্তিত্ব পায়নি। বাজারের সব সয়াবিন তেল বিশুদ্ধ। এতে কোনো ভারী ধাতু নেই।’’
বিএসটিআইয়ের নজরদারি বাড়ানো বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘‘দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে বিএসটিআইয়ের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম এমনভাবে সম্প্রসারণ করা হবে, যাতে দেশের সব এলাকায় তদারকি নিশ্চিত করা যায়।’’
তিনি বলেন, ‘‘ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ বন্ধে নজরদারি জোরদারের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। বিএসটিআইয়ের কার্যক্রমের পরিধি বাড়িয়ে দেশজুড়ে তদারকি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।’’
সভায় নকল, ভেজাল ও বিএসটিআই’র মানচিহ্নের অবৈধ ব্যবহাররোধে পৃথক গোয়েন্দা ইউনিটের প্রয়োজীয়তার কথা তুলে ধরেন বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক।
অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক হালাল সার্টিফিকেশন অ্যাক্রেডিটেশন সনদ অর্জন করে বিএসটিআই। অনুষ্ঠানে শিল্পমন্ত্রীর মাধ্যমে বিএসটিআই মহাপরিচালকের হাতে সনদ তুলে দেন বিএবির মহাপরিচালক মো. আমিনুল ইসলাম। হালাল সার্টিফিকেশন অ্যাক্রেডিটেশন অর্জনের ফলে হালাল পণ্যের মান নিশ্চিতকরণ, সার্টিফিকেশন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের অবস্থান সুদৃঢ় হবে বলে আশা করছে বিএসটিআই।
অনুষ্ঠানে বিএসটিআই পরিচালক (মান) মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ী নেতা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, আমদানি ও রপ্তানিকারক এবং মান প্রণয়নে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









