নওগাঁর পত্নীতলা ও ধামুরহাট উপজেলায় যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন দেশের ১ হাজার ৮৭২টি পুরোনো কয়েন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) ও পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পত্নীতলা উপজেলার মাদাইনগর এলাকা এবং ধামুরহাট বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার মাদাইনগর গ্রামের মো. রশিদ মিয়া (৫২) এবং ধামুরহাট বাজার এলাকার মো. রুবেল মিয়া (৫০)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, জব্দ করা কয়েনের মধ্যে পাকিস্তানি ও ভারতীয় বিভিন্ন মূল্যমানের পুরোনো তামা ও রুপার কয়েন রয়েছে। এ ছাড়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের একটি বড় তামার কয়েন এবং বাংলাদেশের এক টাকার ৩২টি কয়েনও জব্দ করা হয়েছে। অভিযানে সিমকার্ডসহ দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দ করা কয়েনগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ১৪৩ টাকা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জব্দ করা কয়েনের মধ্যে ভারতীয় এক-চতুর্থাংশ আনার তামার কয়েনের দুটি ধরন রয়েছে, যেগুলোতে রাজা ও রানির প্রতিকৃতি রয়েছে। এ ছাড়া পাকিস্তানি পাঁচ পয়সা, দশ পয়সা, এক পয়সা ও দুই পয়সার কয়েনসহ বিভিন্ন ধরনের পুরোনো মুদ্রা উদ্ধার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, আটক দুজনসহ জব্দ করা কয়েন ও মোবাইল ফোন নওগাঁর পত্নীতলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









