নাটোরের নলডাঙ্গা উপজেলার বিখ্যাত হালতী বিলের মহনপুর থেকে আঁচরাখালী এলাকায় অবৈধ উপায়ে মাছ শিকার রোধে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সাথে মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে এক ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ ৪ ঘণ্টা ব্যাপী হালতী বিলের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, হালতী বিলে আইন অমান্য করে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের অপরাধে মো. কাশেম আলী সরদার (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি আঁচড়াখালি গ্রামের জসিম উদ্দিন সরদারের ছেলে। পরবর্তীতে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অপরাধ স্বীকার করায় তাকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে বিলের বিভিন্ন স্থান থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৬৫ পিস নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব রিং জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. শামীম হোসেন। এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আবু সাঈদ। আইন -শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় নিয়োজিত ছিলেন নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন জানান, দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং প্রজনন মৌসুমে রেনু ও পোনা মাছ রক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









