সাইবার হামলার শিকার হয়ে প্রায় ১০ কোটি ইউরো হারিয়েছে ফ্রান্সের ব্যাংক ক্রেডিট মিউচুয়েল আরকিয়া। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্যাংকটি এ তথ্য জানিয়েছে। চুরি হওয়া অর্থ উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। বড় কোনো প্রচলিত ব্যাংক থেকে এভাবে সরাসরি অর্থ চুরির ঘটনা বেশ বিরল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রথমবারের মতো সাইবার হামলার বিষয়টি প্রকাশ্যে আনে ব্যাংকটি। হামলাকারীরা ব্যাংকটির একটি হিসাব ব্যবহার করে প্রতারণামূলক লেনদেনের মাধ্যমে অর্থ সরিয়ে নেয়। চুরি হওয়া অর্থ ক্রিপ্টোকারেন্সি ছিল না বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে চুরির পর অর্থের একটি অংশ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা হয়ে থাকতে পারে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ব্যাংকটি সাময়িকভাবে কিছু লেনদেন বন্ধ রেখেছিল। এতে কয়েকটি অর্থ স্থানান্তরের ক্ষেত্রে বিলম্ব হয়। তবে ব্যাংকটি জানিয়েছে, গ্রাহকদের আমানত বা সম্পদের কোনো ক্ষতি হয়নি।
ব্যাংকটির অনলাইন ব্যাংকিং সহযোগী প্রতিষ্ঠান ফর্চুনিওর মাধ্যমে হামলাকারীরা প্রবেশ করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরও নাকচ করেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, প্রতিষ্ঠানটির কার্যক্রম কিংবা গ্রাহকদের হিসাব এ হামলার সঙ্গে জড়িত নয়।
ফ্রান্সের প্যারিসের কৌঁসুলি কার্যালয় জানিয়েছে, বুধবার ব্যাংকটির অভিযোগ পাওয়ার পর সাইবার অপরাধ বিভাগ তদন্ত শুরু করেছে। দেশটির সাইবার অপরাধ দমনকারী পুলিশ এ তদন্ত পরিচালনা করছে। এ ঘটনায় ব্যবহৃত তৃতীয় পক্ষের সেবাদাতা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেনি ব্যাংকটি। তবে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, ফ্রান্সের ব্যাংকিং তদারকি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কৌঁসুলিদের বিষয়টি জানানো হয়েছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান রেডসেকল্যাবসের প্রধান নির্বাহী কর্মকর্তা রাফায় বালুচ বলেন, ইউরোপে এ ধরনের হামলা নজিরবিহীন। ব্যাংকিং প্রতিষ্ঠানে এখন প্রযুক্তিগত দুর্বলতা ও কৌশলী প্রতারণার মাধ্যমে হামলার প্রবণতা বাড়ছে।

ব্রিটানিভিত্তিক ক্রেডিট মিউচুয়েল আরকিয়া একটি সমবায় ব্যাংকিং গোষ্ঠী। প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা ৫৮ লাখের বেশি এবং সম্পদের পরিমাণ ২১ হাজার ১৫০ কোটি ইউরো।
এর আগে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা হিসাব থেকে সাইবার হামলার মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









