বলিউডের অন্যতম পরিচিত পরিচালক ও প্রযোজক করণ জোহর। হিন্দি ছবির জগতে তার দীর্ঘদিনের পরিচিতি। তার হাত ধরেই বলিউডে পা রেখেছেন বহু নতুন মুখ। অথচ নিজের ছেলে-মেয়েদের এই জগতে আনতে চান না করণ। বরং তারা যাতে চলচ্চিত্রদুনিয়া থেকে দূরে থাকে, সে চেষ্টাই করছেন তিনি।
‘কফি উইথ করণ’র নতুন পর্বে অতিথি হয়ে এসেছিলেন সাইফ অলী খান এবং কারীনা কাপুর খান। সেখানেই সন্তানদের বড় করে তোলা এবং বলিউডের পরিবেশে অভিভাবক হওয়ার নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন করণ। তখনই নিজের মনের কথাও জানান তিনি।
পরিচালকের কথায়, “আমি আমার ছেলেমেয়েদের এই পেশায় আসতে বারণই করি। অনেকে আমাকে প্রশ্ন করেন, কেন এমন করছি? আমি শুধু ভাবি, ওরা যখন এই দুনিয়ায় আসবে, তখন হয়তো ওদের আগলে রাখার মতো বয়স বা ক্ষমতা আমার থাকবে না।”
করণের মতে, বলিউডের দুনিয়া মোটেই সহজ নয়। বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, ভিতরে ততটাই কঠিন লড়াই। নিজে এই জগতের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। তাই এখানকার চাপ এবং প্রতিযোগিতা সম্পর্কে তার ধারণা রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই সন্তানদের নিয়ে দুশ্চিন্তা রয়েছে তার।
করণের কথা শুনে অবশ্য কিছুটা ভিন্ন মত প্রকাশ করেন কারীনা। তার মতে, সন্তানদের অতিরিক্ত আগলে রাখার প্রবণতাও অনেক সময়ে সমস্যা তৈরি করে।
কারীনা বলেন, “আমার মনে হয়, সন্তানদের অতিরিক্ত সুরক্ষা দেওয়ার চেষ্টাটাই কখনও কখনও সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আমরা প্রত্যেকেই সন্তানদের নিয়ে খুব বেশি চিন্তা করি। কিন্তু সবসময়ে এ ভাবে আগলে রাখলে তো চলবে না।”
অভিনেত্রীর মতে, “আমাদের বাবা-মায়েরা অনেক সময়ে শুধু বলতেন, করতে চাইলে করো। নিজের পথে এগিয়ে যাও। জীবনে লড়াই করতে হলে নিজেকেই করতে হবে।” করীনার এই বক্তব্যে পরে সহমত পোষণ করেন করণও।
উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হন করণ। ছেলে যশ এবং মেয়ে রুহিকে নিয়ে তার সংসার। দুই সন্তানের নামের পিছনেও রয়েছে পারিবারিক আবেগ।
করণের প্রয়াত বাবা, প্রযোজক যশ জোহরের নামেই ছেলের নাম রাখা হয়েছে যশ। অন্য দিকে, মা হিরু জোহরের নামের অক্ষর অদলবদল করে মেয়ের নাম রাখা হয়েছে রুহি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









