আবারও গেরুয়া রং ঘিরে বিতর্কের কেন্দ্রে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। আসন্ন ছবি ‘কিং’র গান ‘তু মিল জায়ে’ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্কটি।
গানের একটি দৃশ্যে গেরুয়া রঙের পোশাকে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। আর তা নিয়েই আপত্তি তুলেছেন বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগী। ছবির ওই দৃশ্য বাদ দেওয়ার জন্য শাহরুখকে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
তিন বছর আগে ‘পঠান’ ছবিতে দীপিকার গেরুয়া রঙের বিকিনি পরা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল বলে মনে করিয়ে দিয়েছেন রবীন্দ্র নেগী।
এক সাক্ষাৎকারে শাহরুখকে আক্রমণ করে তিনি বলেন, “এটাই তাদের স্বভাব। কারণ এটা শাহরুখ খানের ছবি। শাহরুখরা দেশের টাকা উপার্জন করেন। আবার দেশকেই অপমান করেন। গেরুয়া রং দেখলেই তাদের সমস্যা হয়।”
দীপিকাকে এই বিতর্কে খেলার ঘুঁটি বলেও দাবি করেছেন তিনি। নেগীর কথায়, “দীপিকা তো শুধুই একটা ঘুঁটি।”
এখানেই থামেননি বিজেপির এই বিধায়ক। তার অভিযোগ, সনাতন ধর্মের বিশ্বাসকে অসম্মান করা হচ্ছে। তিনি বলেন, “আমরা যে সনাতন ধর্মে বিশ্বাস করি, সেখানে এই ধরনের পোশাক পরে এ ভাবে নাচগান করা হয় না।”
তিন বছর আগে ‘পঠান’ ছবির ‘বেশরম রং’ গান নিয়েও দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে নেগী বলেন, “তিন বছর আগেও একই ঘটনা ঘটেছিল। দীপিকা গেরুয়া রঙের বিকিনি পরেছিলেন। সে বার হিন্দু সংগঠনগুলি প্রতিবাদ জানিয়েছিল। এ বারও প্রতিবাদ হবে।”
শাহরুখকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে নেগী জানিয়েছেন, ছবির ওই দৃশ্য বাদ না দিলে দেশ জুড়ে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে অভিনেতাকে।
তার কথায়, “আমরা শাহরুখ খানকে সতর্ক করছি। এই দৃশ্য পরিবর্তন না করলে সারা দেশে প্রতিবাদ হবে। সনাতন ধর্মের বিরুদ্ধে কোনও কিছুই মেনে নেওয়া হবে না।”
তবে এই ভিডিওতে দীপিকার গেরুয়া পোশাক নিয়ে আর কেউ আপত্তি জানাননি। গেরুয়া রঙের একটি গাউন পরেছেন অভিনেত্রী। বরং সেই রঙে তাকে দিব্য দেখতে লাগছে বলেই মনে করছেন অনুরাগীরা।
রবীন্দ্র নেগীর বক্তব্যেও নেটিজেনদের একাংশের মত, ওই গানে মোটেই সনাতন বা গেরুয়া রং কোনওটারই অসম্মান করা হয়নি। বিনোদনকে নিছক বিনোদন হিসাবেই দেখা ভাল।
উল্লেখ্য, শাহরুখের জন্মদিনে প্রকাশ্যে এসেছে ‘কিং’ ছবির গানটি। তার পর থেকে অনুরাগীদের কানে বাজছে ‘তু মিল জায়ে’। আলোড়ন ফেলে দিয়েছেন গান ও ভিডিও দু'টিই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









