বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। শক্তিশালী মার্কিন ডলার এবং আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রত্যাশায় এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমেছে মূল্যবান এই ধাতুর দাম। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি অব্যাহত থাকলে স্বর্ণের দামে আরও পতন হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টা ১ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৩ হাজার ৮৬৯ দশমিক ১৩ ডলারে। এর আগের দিন সোমবার স্বর্ণের দাম ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
তবে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৮৭২ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে মঙ্গলবার মার্কিন ডলার ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। ডলারের শক্তিশালী অবস্থানের কারণে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে উঠেছে। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদায় চাপ তৈরি হচ্ছে।
বাজার বিশ্লেষক কাইল রড্ডার মতে, আগামী বছর যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি এবং সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশা বর্তমানে স্বর্ণের বাজারকে প্রভাবিত করছে।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। এ সম্ভাবনা ৯৫ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে ৫০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানোর সম্ভাবনা দেখছেন ৪ দশমিক ৫ শতাংশ।
স্বর্ণের দরপতনের বিপরীতে মঙ্গলবার আন্তর্জাতিক স্পট মার্কেটে অন্যান্য মূল্যবান ধাতুর দাম বেড়েছে। এদিন রুপার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৭ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৪৭২ দশমিক ৬৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ৯৭৮ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, ডলারের বিনিময়মূল্য ও যুক্তরাষ্ট্রের সুদের হারের গতিপথ আগামী দিনগুলোতে স্বর্ণের বাজারের জন্য গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









