নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ ও স্বাবলম্বী করতে ৫ শতাংশ সুদে ৫১ লাখ টাকা ঋণ বিতরণ করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। একই সঙ্গে জামানতবিহীন ঋণের পরিমাণ ২ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল বিসিক শিল্পনগরীতে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ শীর্ষক সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিসিক টাঙ্গাইল জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিসিক চেয়ারম্যান জানান, চলতি নভেম্বর মাসে টাঙ্গাইল জেলা কার্যালয় থেকে ২৭ জন উদ্যোক্তার মধ্যে মোট ৭০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১৫ জন নারী উদ্যোক্তাকে মাত্র ৫ শতাংশ সুদে ৫১ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে বিসিকের পক্ষ থেকে নীতিগত ও কারিগরি সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের পথচলা সহজ করতে বিসিক বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এসব সুবিধা আরও উদ্যোক্তাবান্ধব ও সহজলভ্য করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক আঞ্চলিক কার্যালয়, ঢাকার পরিচালক মানছুরুল করিম। স্বাগত বক্তব্য দেন বিসিক টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক মো. মেরাজ উদ্দিন। তিনি বলেন, জেলার নারী উদ্যোক্তাদের সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যেই এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক ঢাকার দক্ষতা ও প্রযুক্তি বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, বিপণন বিভাগের মহাব্যবস্থাপক শেফালী খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, নাসিবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ঊর্ধ্বতন সহসভাপতি স্বপন ঘোষ এবং বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
সেমিনারে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে ১০০ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা অংশ নেন। মুক্ত আলোচনায় তাঁরা নিজেদের ব্যবসায়িক সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে অক্টোবর ও নভেম্বর মাসে বিসিকের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া ৮১ জন উদ্যোক্তার মধ্যে সনদ বিতরণ করা হয়।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








