নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পাটুল নীচা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসআরবি-৫ রাজশাহী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা থানার পাটুল নীচা বাজার থেকে খোলাবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাঁদের নির্দেশনা অনুযায়ী এসআরবির সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়।
পরে রাত সাড়ে ৩টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে বিধি অনুযায়ী সেগুলো জব্দ করা হয়।
তবে কে বা কারা ককটেলগুলো সেখানে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটকও করা সম্ভব হয়নি।
উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








