নেত্রকোণার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাফেজ আবুল হাসেম (২৮) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের শুকনাকুড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ আবুল হাসেম দুর্গাপুর উপজেলার উত্তর কুলুঞ্জা মণ্ডলবাড়ি জামে মসজিদের ইমাম ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত দুজন হলেন নাঈম তালুকদার (৪০) ও সুফিয়া খাতুন (৪২)। নাঈম কাকৈরগড়া ইউনিয়নের ছাহেদ তালুকদারের ছেলে। আর সুফিয়া খাতুন গোপালপুর এলাকার মোবাইল ব্যবসায়ী রাসেলের মা।
আহত নাঈম তালুকদারের ডান হাতের কনুইয়ের ওপরের অংশ এবং ডান হাতের দুটি আঙুল ভেঙে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর আহত সুফিয়া খাতুন নাক, মুখ, হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।
হাফেজ আবুল হাসেমের মৃত্যুর খবরে স্থানীয় মুসল্লি, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








