চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মোসা. মিলি খাতুন (৪৫) ও তাঁদের মেয়ে লিমা খাতুন (১৬)। লিমা স্থানীয় মনাকষা বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতদের নিকটাত্মীয় আব্দুল বাসির জানান, রোববার সকালে বাড়ির সামনে নিজেদের দোকানের গেট খুলতে যান মিলি খাতুন। আগে থেকেই দোকানঘরটি বিদ্যুতায়িত হয়ে ছিল। এ সময় দোকানের নিরাপত্তার জন্য স্থাপন করা একটি লোহার রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে যায় মেয়ে লিমা। এ সময় সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাটি দেখে তাঁদের আট বছর বয়সী তৃতীয় মেয়ে লাবনী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
পরে স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাঁদের মৃত ঘোষণা করেন।
একই পরিবারের মা ও মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, নিহত দুজনের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








