কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে শতাধিক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় দুই অটোরিকশাচালককে আটক করা হয়েছে। একই সঙ্গে বিস্ফোরক ও অস্ত্র-গুলি পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, দেশে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে চোরাইপথে এসব বিস্ফোরক, অস্ত্র ও গোলাবারুদ টেকনাফে নিয়ে আসে বলে তথ্য পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে এসব সরঞ্জাম উদ্ধারে কক্সবাজার রামু সেক্টরের অধীন টেকনাফ ২ বিজিবি সড়কে তল্লাশিচৌকি স্থাপন করে।
এ সময় সন্দেহভাজন দুটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি অটোরিকশা দুটির চালককে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার মো. ইব্রাহিম ও নতুন পল্লানপাড়া এলাকার মেহেদী হাসান। তাঁরা দুজনই পেশায় অটোরিকশাচালক।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার রামু বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম বলেন, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি উদ্ধার হওয়া সরঞ্জামের উৎস ও গন্তব্য সম্পর্কে তদন্তের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








