দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর দুই লাখ টাকার নিচে নামল সোনার ভরি।
রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেট সোনা ৫ হাজার ১৫ টাকা কমিয়ে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৫ হাজার ৫৪১ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনটির তথ্য অনুযায়ী, গত ৬ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত টানা আট দফায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমানো হয়েছে।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। শুক্রবার নিউইয়র্কের স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম কমে ৩ হাজার ৫৭০ ডলারে নেমে আসে। এটি গত বছরের সেপ্টেম্বরের পর প্রায় ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন দাম।
অন্যদিকে, গত জানুয়ারির শেষ দিকে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ৫ হাজার ৬০০ ডলারে উঠেছিল।
অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার পেছনে প্রধানত দুটি কারণ কাজ করছে। এর একটি হলো, আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা। অন্যটি হলো আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান।
বিশ্ববাজারে এসব পরিবর্তনের কারণে স্বর্ণের চাহিদা ও দামে প্রভাব পড়ছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে বাংলাদেশের বাজারেও।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








