পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সীমিত পরিসরে শিল্পঘন এলাকায় আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) চলবে ব্যাংক লেনদেন।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো আজ সীমিত পরিসরে খোলা থাকবে। এদিন সংশ্লিষ্ট শাখাগুলোতে নির্ধারিত সময়ে লেনদেন চলবে। এর আগে গত ১০ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পােশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা ও রপ্তানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সরকারি ছুটির দিন ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খােলা থাকবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পােশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন খোলা থাকবে।
লেনদেন সূচি
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংক লেননদেন হবে। তবে অফিস চললবে দুপুর ২টা পর্যন্ত। আর দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। ছুটির মধ্যে ব্যাংকগুলোর শাখায় যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন বলে নির্দেশনায় জানানো হয়েছে।
বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে আজ যেসব শাখা খোলা রাখা হয়েছে তার একটি সংক্ষিপ্ত চিত্র পাওয়া গেছে। প্রাইম ব্যাংক তাদের আগ্রাবাদ, নারায়ণগঞ্জ, গণকবাড়ী ও টঙ্গী শাখা খোলা রেখেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ তাদের আগ্রাবাদ করপোরেট শাখা, ঢাকার হেড অফিস কমপ্লেক্স, লোকাল অফিস ও নারায়ণগঞ্জ শাখায় লেনদেন চালু রেখেছে।
ব্র্যাক ব্যাংকের মতিঝিল, টঙ্গী, গণকবাড়ী, জয়দেবপুর, সিডিএ অ্যাভিনিউ, রোকেয়া সরণি, রংপুর, ধানমন্ডি-২৭, বড় বাজার, গুলশান নর্থ অ্যাভিনিউ, যশোর ও সিদ্ধিরগঞ্জ শাখা খোলা রয়েছে। সিটি ব্যাংক উত্তরবঙ্গ ও রংপুরের বিভিন্ন শাখার পাশাপাশি পাবনা ও বগুড়ার শাখাও চালু রেখেছে। এনসিসি ব্যাংক তাদের মতিঝিল, সাভার, জয়দেবপুর ও বাইপাইলসহ গুরুত্বপূর্ণ শাখাগুলোতে সেবা দিচ্ছে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক তাদের ফরেন এক্সচেঞ্জ শাখা এবং প্রিমিয়ার ব্যাংক মতিঝিল, কাওরানবাজার ও গুলশানসহ নির্দিষ্ট কিছু শাখা খোলা রেখেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও চন্দ্রা, বিসিক ও জুবিলি রোডসহ বেশ কিছু শিল্পাঞ্চলীয় শাখায় কার্যক্রম চালাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









