দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য, বিকৃত স্ক্রিনশট ও অনলাইন হয়রানির অভিযোগে সাইবার ক্রাইম কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন তাদের ম্যানেজার।
সোমবার (২৬ অক্টোবর) ভারতের হায়দরাবাদের সাইবার ক্রাইম কর্তৃপক্ষের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, দুই তারকার ম্যানেজার পি নিশান্ত কুমার অভিযোগটি জমা দিয়েছেন। তাদের দাবি, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয় ও রাশমিকাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য, ভুয়া কনটেন্ট, বিকৃত স্ক্রিনশট এবং পরিচয় নকল করে বিভিন্ন পোস্ট ছড়ানো হচ্ছে। এসবের মাধ্যমে পরিকল্পিতভাবে তাদের হয়রানি ও সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় লিংক ও প্রাসঙ্গিক তথ্যপ্রমাণও জমা দিয়েছে তারকাদের টিম। অভিযোগের ভিত্তিতে বিষয়গুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তারকাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ অভিযোগের উদ্দেশ্য মতপ্রকাশের স্বাধীনতা কিংবা গঠনমূলক সমালোচনা বন্ধ করা নয়। বরং মিথ্যা তথ্যকে সত্য হিসেবে প্রচার করা এবং বেআইনি অনলাইন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা। একই সঙ্গে যাচাই না করে কোনো তথ্য বা দাবি ছড়িয়ে না দেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
‘কফি উইথ করণ’ থেকে বিতর্কের সূত্রপাত
বিজয় ও রাশমিকাকে নিয়ে সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’র নবম মৌসুমে তাদের উপস্থিতিকে কেন্দ্র করে। অনুষ্ঠানে নিজেদের সম্পর্ক ও বিয়ের প্রসঙ্গে কথা বলেন এই তারকা দম্পতি।
সেখানে রাশমিকা জানান, একবার বিমানবন্দরে বিজয়কে তিনি বিয়ের কথা বলেছিলেন। জবাবে বিজয় তাকে মজা করে বলেছিলেন, তাকে ১০০ বার জিজ্ঞেস করতে হবে। পরে রাশমিকা জানান, তিনি প্রায় এক বছর ধরে বিজয়কে বিয়ের বিষয়ে বলেছিলেন।
বিজয়ের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। একাংশের দাবি, তাদের কথোপকথনে রাশমিকাকেই সম্পর্কের বিষয়ে বেশি আগ্রহী বলে মনে হয়েছে। বিজয়কে নিয়েও নানা নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়ে। এর মধ্যেই তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর দাবি ও সম্পাদিত কনটেন্ট ছড়ানোর অভিযোগ ওঠে।
পাল্টা জবাব বিজয় ও রাশমিকার
সমালোচনার জবাবে ২৬ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা পোস্ট দেন বিজয় ও রাশমিকা। রাশমিকা জানান, তিনি বিজয়কে বারবার বেছে নেবেন এবং তাদের সম্পর্ক নিয়ে বাইরের মানুষের অনুমানকে গুরুত্ব দিতে চান না। তার মতে, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরকে বোঝার জন্য সময় নেওয়া তাঁদের সম্পর্কেরই একটি স্বাভাবিক অংশ।
অন্যদিকে বিজয় রাশমিকাকে নিজের সবচেয়ে ভালো বন্ধু ও স্ত্রী হিসেবে উল্লেখ করে তাদের দাম্পত্য জীবন নিয়ে সন্তুষ্টির কথা জানান। একই সঙ্গে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত মন্তব্যকারীদের কড়া জবাব দেন তিনি।
বিজয়-রাশমিকার টিম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো প্রতিটি অভিযোগ ও কনটেন্ট যাচাই করে প্রয়োজন অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং দায়ীদের শনাক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









