শের-ই-বাংলা এ কে ফজলুল হকের আদর্শ, সততা ও মানুষের প্রতি দায়বদ্ধতা অনুসরণ করে দেশ গঠনে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের উদ্যোগে শের-ই-বাংলার ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপাচার্য বলেন, প্রতিকূলতা পেরিয়ে শের-ই-বাংলা উপমহাদেশের গুরুত্বপূর্ণ জননেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তার আত্মত্যাগ, সততা ও নির্লোভ মানসিকতা থেকে শিক্ষা নিয়ে তরুণদের দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।
জমিদারি ভোগ করে বিলাসী জীবন কাটানোর সুযোগ থাকলেও তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম করেছেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকার পরও ব্যক্তিগত বিত্তবৈভব বা অবৈধ সম্পদ অর্জনের পথে হাঁটেননি। তাঁর সৎ ও নির্লোভ চরিত্রের কারণেই মানুষ আজও তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, শের-ই-বাংলার আদর্শ পুরোপুরি ধারণ করতে না পারলেও তার সততা, নিষ্ঠা ও মানুষের জন্য কাজ করার মানসিকতা অনুসরণ করা উচিত। তার দর্শন ছিল, “হিংসার পরিবর্তে হিংসা নয়, ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা।” এ আদর্শ অনুসরণ করলে সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত রাষ্ট্র গঠন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল আলিম বছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী শোয়েবুর রহমান। সহকারী রেজিস্ট্রার হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর মোল্লা এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান সিফাত।
আলোচনা শেষে শের-ই-বাংলার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









