সরকারের পরিচালন বাজেটের আওতায় আয়োজিত সেমিনার বা কর্মশালায় ক্যাটাগরি ভিত্তিক সম্মানী বাড়ানো হয়েছে। মূল প্রবন্ধ উপস্থাপক এবং অংশগ্রহণকারীর সম্মানীর হার ঠিক রেখে একাধিক সঞ্চালক, সহায়ক কর্মচারী তিনজন, আলোচক তিনজন এবং অনধিক দুজন র্যাপোর্টিয়ারের সম্মানীর হার নির্ধারণ করা হলো।
আগে যেখানে ক্যাটাগরি ভিত্তিক সম্মানী একাধিক ব্যক্তির জন্য নির্ধারিত ছিল, সেখানে সমপরিমাণ অর্থ জনপ্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। এ সম্মানী দুই হাজার থেকে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার অফিস আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত সেমিনার বা কর্মশালার খাতভিত্তিক সম্মানী হার পুনর্নির্ধারণ-সংক্রান্ত এ আদেশে বলা হয়, এখন থেকে মূল প্রবন্ধ উপস্থাপকের সম্মানী হবে সাড়ে চার হাজার টাকা। আগেও ছিল সাড়ে চার হাজার টাকা। তবে তারও আগে এই হার ছিল সাড়ে ৩ হাজার টাকা। এ ছাড়া সেমিনার বা কর্মশালার সঞ্চালকের সম্মানী আগের চার হাজার টাকা ঠিক রাখলেও এই হার জনপ্রতি বরাদ্দ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, একটি সেমিনার বা কর্মশালায় সর্বোচ্চ তিনজনকে আলোচকের এবং তিনজনকে সহায়ক কর্মচারীর সম্মানী প্রদান করা যাবে। এক্ষেত্রে আলোচকরা জনপ্রতি চার হাজার টাকা এবং সহায়ক কর্মচারীরা জনপ্রতি দুই হাজার টাকা করে সম্মানী পাবেন। আলোচকের সম্মানী এর আগে দেড় হাজার টাকা বাড়িয়ে চার হাজার টাকা করা হয়েছিল।
নতুন অফিস আদেশে সেই হার ঠিক রাখা হয়েছে। সেমিনার বা কর্মশালায় সহায়ক তিন কর্মচারীকে দুই হাজার টাকা করে সম্মানী দেওয়া যাবে। আগে যা ছিল দেড় হাজার টাকা। এছাড়া র্যাপোর্টিয়ারের সম্মানী ৫০০ টাকা বাড়িয়ে আড়াই হাজারে উন্নীত করা হয়। একটি সেমিনারে সর্বোচ্চ দুইজন এ সম্মানী দেওয়া যাবে। সেমিনারে অংশগ্রহণকারীর সম্মানীও দুই হাজার টাকা ঠিক রাখা হয়েছে। যদিও গত বছরের ২৭ মের আগে এই হার ছিল এক হাজার টাকা।
উল্লেখ্য, সাত বছর পর সরকারের পরিচালন বাজেটের আওতায় আয়োজিত সেমিনার ও কর্মশালার খাতভিত্তিক এই সম্মানীর হার বাড়িয়ে গত বছরের ২৭ মে অফিস আদেশ জারি করেছিল অর্থ বিভাগ। যা গত বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছিল। গত ৫ মে রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত গত বছরের ২৭ মের অফিস আদেশটি গতকাল সোমবার পুনরায় জারি করা হয়।
অর্থের প্রাপ্যতা নিশ্চিত হয়ে এই সম্মানী দেওয়ার নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ। সবশেষ ২০১৮ সালের ৭ জুন সরকার সেমিনার বা কর্মশালার খাতভিত্তিক সম্মানীর হার নির্ধারণ করেছিল। সাত বছর পর সেমিনার বা কর্মশালার খাতভিত্তিক সম্মানীর হার বাড়াল সরকার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









