জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রকৌশল অফিসের ‘অফিস প্রধান’ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজমুল আলম। প্রকৌশল অফিসের প্রধান পদে কোনো প্রকৌশলী নন বরং ভিন্ন বিষয়ের একজন শিক্ষককে দায়িত্ব দেওয়ায় ক্যাম্পাসে আলোচনা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, গত ১০ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক এ দায়িত্ব দেওয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আগামী ১৫ জুন থেকে অধ্যাপক ড. নাজমুল আলমকে প্রকৌশল অফিসের ‘অফিস প্রধান’ হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে এ দায়িত্ব পালন করবেন।
আদেশে আরও উল্লেখ করা হয়, প্রচলিত বিধি অনুযায়ী তিনি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “প্রকৌশল অফিসের প্রধান পদে খুব শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে একজন দক্ষ, যোগ্য ও সৎ প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম সচল রাখার স্বার্থে এ পদে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।”
তিনি আরও বলেন, “নবনিযুক্ত প্রো-উপাচার্য (প্রশাসন) এ দায়িত্ব গ্রহণে অনাগ্রহ প্রকাশ করায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে অধ্যাপক ড. নাজমুল আলমকে প্রকৌশল অফিসের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণরূপে একটি সাময়িক ব্যবস্থা। স্থায়ী নিয়োগের মাধ্যমে শিগগিরই একজন পেশাদার প্রকৌশলীকে এ পদে নিয়োগ দেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এটি কেবল অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। তবে প্রকৌশল অফিসের মতো একটি কারিগরি দপ্তরের প্রধান হিসেবে প্রকৌশল সংশ্লিষ্ট কোনো ব্যক্তির পরিবর্তে ভিন্ন বিভাগের একজন শিক্ষককে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









