পাবনার সাঁথিয়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা।
রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার আর-আতাইকুলায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১টার দিকে আরিয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির ওই শিক্ষার্থী স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। পথে স্থানীয় খড় ব্যবসায়ী কাশেম শেখ নামের এক ব্যক্তি তার পথরোধ করে এবং তার হাত ধরে টানাটানি করে শ্লীলতাহানি ঘটায়। এই ঘটনার পরদিন শুক্রবার শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেম শেখকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার তিন দিন পার হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় রবিবার (১৪ জুন) দুপুরে আরিয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। তারা কাশেম শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষ হতেই উপস্থিত উত্তেজিত জনতা ও শিক্ষার্থীদের একাংশ অভিযুক্ত কাশেম শেখের খড়ের দোকানে আকস্মিক হামলা চালায়। এ সময় তারা দোকানে ভাঙচুর করার পর একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ‘‘ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্লীলতাহানির ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্ত কাশেম শেখকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’’
বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









