গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির নির্মাণে বাধা ও সনাতন ধর্মালম্বীদের আরাধ্য দেবতা রামচন্দ্রের অবমাননার প্রতিবাদে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহীদ শামসুজ্জোহা চত্বর প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে অবস্থান কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে তারা স্লোগান ও প্রতিবাদের অংশ হিসেবে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের বকুল চন্দ্র বিশ্বাস বলেন , “আমরা বারবারই রাষ্ট্রের কাছে বৈষম্যের শিকার হয়ে আসছি। একই দেশ, একই কর, একই শিক্ষাব্যবস্থা, তারপরও দুটি গোষ্ঠীর জন্য দুই রকম আইন। আমরা ১৯৭১ সাল থেকে দেখে আসছি রাষ্ট্রের অর্থনীতিতে, সংস্কৃতিতে আমাদের যথেষ্ট অবদান আছে। ধর্মমন্ত্রী বলেছিলেন, ‘দেশের কোথাও যদি সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় তাহলে আমি পদত্যাগ করব।’ আমরা বলব, আপনার পদত্যাগ করতে হবে না; আপনারা শুধু বিচার করুন।”
সমাবেশে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. অমিত কুমার দত্ত সব ধর্মের সমান অধিকারের বিষয়ে বলেন, “আমরা এমন একটি দেশে বাস করি যেখানে গত ৮০ বছরে আমাদের মোট জনসংখ্যার ৭০ শতাংশ কমে গেছে এবং আমাদের যত সম্পদ ছিল তার ৯০ শতাংশ আমাদের হাত থেকে চলে গেছে। এ থেকেই বোঝা যায় এদেশের সনাতনীরা কোন পর্যায়ে আছে। এদেশের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি আমরা; তবুও আমরা আলাদা করে কোনো স্বীকৃতি চাইনি। আমরা চাই সবার সাথে মিলেমিশে থাকতে, আমরা চাই সবার সমান অধিকার।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









