ভারতের পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে তুমুল ঝগড়া জড়িয়ে পড়ায় স্পাইসজেটের এক বিমানবালাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
বুধবার (১৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৩ জুন) বাগডোগরা থেকে দিল্লিগামী স্পাইসজেটের একটি ফ্লাইট প্রথমে বিলম্বিত হয় এবং পরে বাতিল করা হয়। এতে ক্ষুব্ধ যাত্রীরা বিমানবন্দরে প্রতিবাদ জানালে এক পর্যায়ে বিমানবালার সঙ্গে তাদের ঝগড়া শুরু হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অন্যান্য যাত্রীদের সামনে ওই কর্মী উত্তেজিতভাবে যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন।
ঘটনার ব্যাখ্যায় স্পাইসজেট জানায়, প্রতিকূল আবহাওয়া ও পরিচালনগত সীমাবদ্ধতার কারণে ফ্লাইটটি প্রথমে বিলম্বিত এবং পরে বাতিল করা হয়। বাগডোগরার খারাপ আবহাওয়ার কারণে বিমানটি কলকাতায় ডাইভার্ট করতে হয়েছিল, যার ফলে নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি।
প্রতিষ্ঠানটি আরও জানায়, এই পরিস্থিতিতে কিছু যাত্রী ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। যদিও আবহাওয়ার ওপর এয়ারলাইন্সের কোনো নিয়ন্ত্রণ নেই, তবুও যাত্রীদের অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে।
স্পাইসজেট জানিয়েছে, ভাইরাল হওয়া ঘটনাটিকে তারা গুরুত্বের সঙ্গে নিয়েছে। অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পুরো ঘটনা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
সূত্র: এনডিটিভি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









