ঢাকার শনিরআখরা থেকে প্রকৃতি ও নদীর সানিধ্য নিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে আসে সাতজন স্কুল পুড়ুয়া বন্ধু। সাতবন্ধু একসাথে মেঘনা নদীতে নামার পরপরই দুইজন নদীতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুজনকে মৃতাবস্থায় উদ্ধার করে।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মেঘনা নদীর পিরোজপুর ইউনিয়নের মেঘনা লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কদমতলীর শনিরআখড়া এলাকার ফারুক ভূঞার ছেলে মো. কায়েস ভূঞা (১৩) এবং পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুজনসহ সাতজন স্কুলশিক্ষার্থী বন্ধু বুধবার দুপুর আড়াইটার পর মেঘনা নদীতে গোসল করতে নামে। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই কায়েস ও মেরাজ পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা বন্ধুরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দিলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর ডুবুরিরা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সুজন কুমার হালদার বলেন, ‘‘খবর পেয়ে নারায়ণগঞ্জ থেকে ডুবুরি দল এসে প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে দুজনের লাশ উদ্ধার করে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









