কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির অপতৎপরতা ও কার্যক্রমের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে স্লোগান দেন। এর আগে সোমবার রাতেও ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন সংগঠনটির নেতাকর্মীরা।
পরে দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। জনগণের আন্দোলনের মুখে নিষিদ্ধ হওয়া এই সংগঠনের যেকোনো অপতৎপরতা ছাত্রসমাজ রুখে দেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব ও ফ্যাসিবাদী রাজনীতির কোনো স্থান নেই।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের নামে বা ব্যানারে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেবে। এদের মদদদাতাদেরও আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।”
জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে কর্মসূচির চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রদল সবসময় সচেষ্ট থাকবে।”
তিনি আরও বলেন, “শিক্ষা, ঐক্য ও প্রগতির রাজনীতিতে বিশ্বাসী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।”
কর্মসূচিতে জবি ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন, রফিকুল ইসলাম, নাহিয়ান বিন অনিক, রবিউল আওয়াল, শাহাদাত হোসেন, সাখাওয়াত ইসলাম পরাগ, আহসান মল্লিক, আমিরুল ইসলাম, আরিফুল ইসলাম, আকাশ ও ইয়াসিন আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া নবাব ফয়জুন্নেসা চৌধুরী হল ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেত্রীরাও কর্মসূচিতে অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









