বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, “বড় বড় ব্যবসায়ীদের একটাই কাজ, সেটা হচ্ছে ব্যাংক থেকে কিভাবে লোন নিয়ে ঋণখেলাপি থাকা যায় এবং সেই টাকা দিয়ে তাদের প্রতিষ্ঠান চালানো যায়।”
সোমবার (২৯ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিগত ১৬ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। আমাদের একজন মন্ত্রীর ইউরোপের বিভিন্ন দেশে ৫০০-রও বেশি বাড়ি ছিল। যেখানে ইউরোপের অনেক মানুষ সারাজীবনের আয় দিয়েও একটি ভালো বাড়ি করতে পারেন না, সেখানে বাংলাদেশের একজন মন্ত্রীর পৃথিবীর বিভিন্ন দেশে শত শত বাড়ি ছিল। এটাই আমাদের বাস্তবতা।”
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে সিবগাতুল্লাহ সিবগা বলেন, “তোমরাই আমাদের আশার আলো। তোমাদের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই। তোমরা এমন একটি প্রজন্ম, যারা জুলাই বিপ্লবের পর ক্যাম্পাসে এসেছ। আগামী পাঁচ বছর এই ক্যাম্পাসকে তোমরা কীভাবে পরিচালনা করবে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। আমি বিশ্বাস করি, তোমাদের কাছ থেকে দেশ ও জাতি অনেক কিছু পাবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ। সঞ্চালনা করেন শাখা সাধারণ সম্পাদক ও জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল। এ সময় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন, গার্ডিয়ান পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









