পিরোজপুরের মঠবাড়িয়ায় ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল (নমুনা) ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে পাঁচটি ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে মঠবাড়িয়া উপজেলার ফার্মেসি রোড এবং কেএম মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী। অভিযানকালে পিরোজপুর জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও বিক্রির জন্য নিষিদ্ধ স্যাম্পল ওষুধ সংরক্ষণের সত্যতা পাওয়ায় ‘ওষুধ ও কসমেটিকস আইনে শহরের আকন মেডিকেল হল মালিক মোহাম্মদ শাহজাহান ১০,০০০ টাকা, আদর্শ মেডিকেল হল মালিক মোহাম্মদ জাকারিয়া হোসেন ১০,০০০ টাকা, রাকিব মেডিকেল হল মালিক মোস্তাফিজুর রহমান ৫,০০০ টাকা, নাজাহ ফার্মেসি মালিক মো. আলমগীর হোসেন ৫,০০০ টাকা, মাহবুব ফার্মেসি মালিক মাহবুবুর রহমান ৫,০০০ টাকা করে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী সাংবাদিকদের জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের শূন্য সহনশীল নীতি বহাল থাকবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









