অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা।
আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজটি। ৫০ ওভারের দলে ফিরেছেন পেসার জেরাল্ড কোয়েটজি।
চোটের কারণে সিরিজে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান পেসার কাগিসো রাবাদা। তবে এরপর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে সুস্থ হয়ে ওঠার আশা করছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে রয়েছেন অটনিয়েল বার্টম্যান, কুয়েনা মাফাকা, লুঙ্গি এনগিডি, করবিন বশ ও মার্কো ইয়ানসেন। দলে জায়গা হয়নি ডেওয়াল্ড ব্রেভিসের। তার পরিবর্তে মিডল অর্ডারের ব্যাটিংয়ে ভরসা রাখা হয়েছে ম্যাথিউ ব্রিটজকে, ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবসের ওপর।
স্পিন বিভাগে রয়েছেন দুই বিশেষজ্ঞ স্পিনার—বিয়র্ন ফোরটুইন ও কেশব মহারাজ। এছাড়া দলে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার এইডেন মার্করাম, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি ও রায়ান রিকেলটন।
দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড বলেন, বিশ্বকাপ এক বছরেরও কম সময় দূরে থাকায় এই সিরিজ দল গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী সিরিজগুলোর আগে সম্ভাব্য খেলোয়াড়দের নিজেদের প্রমাণ করার সুযোগও দেবে এই সিরিজ।
আগামী ২৪ সেপ্টেম্বর ডারবানে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। দ্বিতীয় ম্যাচটি ২৭ সেপ্টেম্বর জোহানেসবার্গে এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ৩০ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল
টেম্বা বাভুমা (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, করবিন বশ, ম্যাথিউ ব্রিটজকে, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফোরটুইন, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কুয়েনা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









